গোপালগঞ্জ জেলায় আসন্ন নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জেলার মোট ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টিকেই ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন প্রশাসন। বাকি মাত্র ১২টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ; কোটালীপাড়ার কুরপালা ও পূণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়; মুকসুদপুরের প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে এম উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কাশিয়ানীর গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা; এবং গোপালগঞ্জ সদরের মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়।
এদিকে, এত বিপুলসংখ্যক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণায় ভোটের সুষ্ঠুতা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার জন্য জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.