
গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে এই সম্মেলন সম্পন্ন হয়।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উপ-পরিচালক মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দীন এবং জেলা তথ্য অফিসার আল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, আল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ এবং শশ্বদী জামিয়াতুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইসমাইল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে সংবিধানে সংস্কারের বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে আর ‘না’ দিলে কী হবে, সে বিষয়ে নাগরিকদের স্পষ্ট ধারণা দিতে হবে। ইমাম সাহেবরা সমাজের প্রতিটি স্তরে মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই আপনাদের মাধ্যমে গণভোটের প্রচার ও সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সম্মেলনে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭৫০ জন ইমাম অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষকে কেন্দ্রে নিতে উৎসাহিত করার ওপর জোর দেন। পরিশেষে, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ইয়াছিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.