
রাজশাহীতে অনুষ্ঠিত অংশীজন সংলাপে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রযোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিশুদের অধিকার সমুন্নত রাখতে অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া ক্লাবে এ সভার আয়োজন করে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।
ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ প্রকল্পের আওতায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে অংশীজনদের নিয়ে ‘অংশীজন সংলাপ’টি অনুষ্ঠিত হয়।
এসিডি টীম লিডার (অ্যাডভোকেসি) সুব্রত কুমার পালের স্ব^াগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আতিয়া তানসিমার সঞ্চালনায় এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম এসিডি’র প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
তিনি বলেন, একটি সুন্দর ভবিষ্যত বিনির্মানে সমাজের সকল স্তরের নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শিশু সুরক্ষায় ভূমিকা রাখবে। তিনি শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, ও আরএমপির বিমানবন্দর থানা অফিসার ইনচার্জ মাছুমা মোস্তারি বক্তব্য রাখেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সমুন্নত রাখতে এবং সকল ধরণের বঞ্চনা ও শোষণ থেকে তাদের রক্ষা করার জন্য অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান। বক্তারা শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রযোগের গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.