
দেশের পরিবর্তন চাইলে এবং আগের মতো গুম-খুন দেখতে না চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এমন সুযোগ বারবার আসে না, তাই সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে অতীতে দেখা অরাজকতা আর থাকবে না। মত প্রকাশের কারণে কাউকে গুম হতে হবে না। আজ যেভাবে মানুষ কথা বলতে পারছে, ভবিষ্যতেও যেন সেই স্বাধীনতা বজায় থাকে। তিনি বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের লাটবাহাদুর মনে না করেন, সেই ব্যবস্থাও এই সংস্কারের অংশ। পাশাপাশি দ্বিকক্ষ সংসদের ব্যবস্থাসহ বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে পারে না। অন্তর্বর্তী সরকারে এমপি, মন্ত্রী বা জনপ্রতিনিধি থাকে না, ফলে অনেক কাজ সরাসরি করতে হয়। দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঠামো গড়তেই এই নির্বাচন জরুরি। তাই আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।
সুষ্ঠু নির্বাচনের জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্বাচনকে নানা ভাবে প্রভাবিত করা হয়েছে, কারচুপি হয়েছে। এবার আর আগের মতো কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, গণভোট শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের চাবি জনগণের হাতেই—এই বার্তা সামনে রেখে সবাইকে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচার রোধে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.