
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, বিএনপি ও ছাত্রদল ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করতে চায়। ছাত্রসমাজ জানে কীভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়। তিনি বলেন, ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শাকসু নির্বাচনও স্থগিত করে শেষ পর্যন্ত ঠেকানো যাবে না। ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন আদায় করে নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, স্বৈরাচারের পতনের পর আশা করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্ত্র ও দখলদারিত্বমুক্ত হবে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ছাত্রসংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, শাকসু নির্বাচন বন্ধ করতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনের আগের দিন হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে, যা সিলেটবাসী মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, একটি দেশবিরোধী শক্তি ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে আইনি জটিলতার আশ্রয় নিয়ে শাকসু নির্বাচন স্থগিত করেছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রসংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। এই অধিকার আদায়ে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে থাকবে।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.