
ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে পুনরায় সমর্থনের ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
সোমবার সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকার মনোয়ার কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির ঢাকা জেলা প্রধান সমন্বয়কারী মো. রাসেল মোল্লা, এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে দশ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ সময় ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তা দূর করতেই এই সমঝোতার উদ্যোগ। গত ১৫ জানুয়ারি জামায়াতে ইসলামী ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় তিনি ঢাকা-২০ আসনে নির্বাচন করছেন। আজ ধামরাই উপজেলা শাখার নেতারা তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির কারণে আগে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তবে সেই বিভ্রান্তি এখন দূর হয়েছে। এখন থেকে সবাই একসঙ্গে কাজ করে তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির ধামরাই উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপি ছাত্রশক্তির আহ্বায়ক সামিউল ইসলাম, সদস্য সচিব কাওছার আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকনসহ কয়েকজন স্থানীয় নেতা ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.