
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপকে সমর্থন করে। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা, আস্থা বৃদ্ধি এবং সহযোগিতামূলক সমাধানের ওপর বাংলাদেশ গুরুত্ব দেয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমস্যার সমাধানে বিশ্বাস করে।
তিনি বলেন, বাংলাদেশ স্থিতিশীলতা, আস্থা এবং সহযোগিতামূলক সমাধান এগিয়ে নিতে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বব্যাপী পেশাগত ক্ষেত্রকে দ্রুত রূপান্তরিত করছে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থার ওপর বৈশ্বিক গুরুত্ব বাড়ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং বৈশ্বিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেশাজীবীদের শুধু প্রযুক্তিগতভাবে দক্ষ হলেই চলবে না, নৈতিকভাবে দৃঢ় ও দায়বদ্ধ হওয়াও প্রয়োজন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাফা সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চ জ্ঞান বিনিময়, সেরা অভিজ্ঞতা ভাগাভাগি এবং অর্থবহ সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখে। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অংশগ্রহণে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। এতে তিনটি টেকনিক্যাল অধিবেশন এবং একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.