বিএনপি ক্ষমতায় এলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে ১ বছরের জন্য বেকার ভাতা প্রদান করা হবে। টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। তিনি আরও বলেন, দেশের জন্য কাজ করতে হলে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। নির্বাচিত হলে বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
তিনি বলেন, আমরা চাই টাঙ্গাইলের সন্তানরাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক। শহরটিকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। তিনি যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে টাঙ্গাইলের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
টুকু জানান, ইতোমধ্যে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। ভবিষ্যতে ৫০ লাখ গাছ রোপণের মাধ্যমে টাঙ্গাইলকে ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান। এছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং রাফেল ড্র-এর পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি টুকু।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.