
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড়ি দুর্বৃত্তদের গোলাগুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক স্থানীয় তরুণী নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে তার মৃত্যু হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে।
নিহতের বাবা মো. ছিদ্দিক জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির উঠানে বসে কথা বলছিলেন। হঠাৎ পাহাড়ের দিক থেকে গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে দুর্বৃত্তদের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান, গুলিবিদ্ধ তরুণীর বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানব পাচারসহ বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে পাহাড়ি সশস্ত্র দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বিকেল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় ছোড়া গুলিতেই প্রাণ হারায় নিরীহ তরুণী সুমাইয়া।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত তরুণীর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.