
ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১১ দিন পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি চার বছরের শিশু আজিমুল ইসলাম আরাফের। শিশুটিকে ফিরে না পেয়ে চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনরা।
নিখোঁজ শিশু আরাফ উপজেলার করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি আয়েশা ও নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসারের ছোট সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আরাফ। কিছু সময় পর হঠাৎ তাকে আর সেখানে পাওয়া যায়নি। এরপর থেকেই সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুর বাবা গাজী মোহাম্মদ কাউসার বলেন, ‘নিখোঁজের দিন আরাফ তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। বই বিতরণসহ নানা প্রশাসনিক কাজে তার মা ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে আরাফ খেলছিল। একসময় নজরের বাইরে চলে গেলে আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ১১ দিন ধরে আমরা চরম অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে আছি।’
এদিকে শিশুটির সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা অব্যাহত রয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটি যে স্থান থেকে নিখোঁজ হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
শিশু আরাফের নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.