
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম তালুকদারের বাসভবনে একটি সভায় অংশ নেওয়া বাউফল পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও সাবেক শ্রমিক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রিয়াজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘আজ দুপুর দুই ঘটিকার সময় বাউফল উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি গাজী গিয়াস ভাইয়ের সাথে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সাথে এবং মোঃ জুরান ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ। তাই সকলের কাছে দোয়া চাই।’
ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি বিএনপি মনোনীত এমপি প্রার্থীর বাসভবনে আয়োজিত একটি বৈঠকে উপস্থিত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রিয়াজুল ইসলাম রিয়াজ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার ফেসবুক অ্যাকাউন্টে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা একাধিক ছবি রয়েছে। এছাড়া তিনি অতীতে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার বিভিন্ন পোস্টও দিয়েছেন।
২০২২ সালের ১৩ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রিয়াজ লিখেছিলেন, ‘১০ অক্টোবর ২০০৬ সালে ক্ষমতা দখলের জন্য বিএনপি-জামায়াতের ক্যাডাররা আওয়ামী লীগের ১২৬ জন কর্মীকে হত্যা করেছিল’, উল্লেখ করে তিনি কয়েকটি ছবি সংযুক্ত করেন।
একজন পরিচিত ও সক্রিয় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর বাসভবনে উপস্থিত থাকতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.