
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, এবং সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠক পরিচালনা করেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
বৈঠকটি শুরু হয় কমিটির সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করার জন্য একাধিক সাব-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন। এছাড়া বক্তারা উল্লেখ করেন, দেশবাসী এখনও ওসমান হাদির বিচার পাননি, সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এবং হত্যার ঘটনা বেড়েই চলছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাচ্ছে না।
বৈঠকে আরও বলা হয়, প্রশাসনের কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে কিছু পক্ষের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.