
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর তীর ও নদীর পানিতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের দায়ে একটি পোলট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নদীর তীরবর্তী এলাকা ও নদীর ভেতরে বিপুল পরিমাণ মরা মুরগি ফেলে রাখার প্রমাণ পাওয়া যায়। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা শহরের আরআরপি পোলট্রি ফার্মকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ বলেন, ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে দূষণ ঘটানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের এলাকা সম্পূর্ণ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের বর্জ্য নদীর পানিদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.