
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের সাবেক গাড়িচালক মাহবুব হোসেনসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে মাহবুব হোসেনকে আটক করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটক মাহবুব হোসেন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার পর তাকে যৌথবাহিনীর হেফাজতে রাখা হয়।
পরে মাহবুবের দেওয়া তথ্যে প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র্যাব। রাতে মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল।
গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। পরে কৌশলে তাকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.