
‘আপনাদের সন্তানদের হাতে আমি অস্ত্র নয়, কোরআন তুলে দিয়েছি’—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের মিরাবাড়িতে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শহীদ ওসমান হাদীর আদর্শ ও আত্মত্যাগকে সামনে রেখে আমরা যেন একটি নতুন বাউফল গড়তে পারি—সেজন্য সবাই দোয়া করবেন।’
তিনি অভিযোগ করে বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো বিচার নিশ্চিত করতে পারেনি। যারা বিচার নিশ্চিত করতে ব্যর্থ, তারা কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে—সে প্রশ্ন আজ জনগণের মনে জেগেছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাউফলে জীবন বাজি রাখব, কিন্তু কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র দখল করতে দেব না। কেউ যদি ভোট চুরির চেষ্টা করে, তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।’
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আগামী ১২ তারিখ একদিন যদি আপনারা ভোটকেন্দ্র পাহারা দিতে পারেন, তাহলে পরবর্তী পাঁচ বছর নিরাপদে থাকতে পারবেন। আর যদি সেই দিন দায়িত্ব পালন না করেন, তাহলে পরবর্তী পাঁচ বছর অনিরাপদ হয়ে কাটবে।’
স্মরণ সভায় কালাইয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.