
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল লাবিবা সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আরিফা বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরের বারোগতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা প্রয়াত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। চার মাস আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর নবদম্পতি কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ কম ছিল। রিফাত কুয়াকাটার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে মাঝেমধ্যেই কলহ হতো বলে প্রতিবেশীরা জানান।
প্রত্যক্ষদর্শী আক্কাস বলেন, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় আরিফার মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় পাশে বসে কান্না করছিলেন রিফাত। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর দেওয়া হয়।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে হেফাজতে নেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তে পটুয়াখালী থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.