
১১ দলীয় জোট বাংলাদেশের সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ ছিল—আজাদীর জোট এবং গোলামীর জোট। যেখানে দেশের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি পরাধীন, সেখানে আমরা দেখেছি লুটতরাজের চক্র চলছে, টাকা বিদেশে পাচার হচ্ছে, জনগণের সঙ্গে অন্যায় হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীর নির্বাচনে আমরা আজাদীর পক্ষে যাব। আমাদের ১১ দলীয় জোট দেশের স্বাধীনতার লড়াই চালিয়ে যাবে ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদির শুরু করা আজাদীর লড়াই সম্পন্ন করা এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুনভাবে শুরু করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী সংশ্লিষ্ট এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। আজাদী পদযাত্রার সময় ২১ জানুয়ারির আগে কোনো প্রতীক বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না; আচরণবিধি প্রত্যাহারের পর প্রচারণা নিয়ম মেনে চালানো হবে।
সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.