
ঝিনাইদহের শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। রোববার ভোরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ট্রাকচালক সোহেল শেখ ও মুবারক হোসেন। তারা দুজনই পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.