
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জাবেদ শেখ নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির বেপারী ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাত থেকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রবিবার সকালে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে।
সংঘর্ষ চলাকালে জাবেদ শেখের হাতের কব্জি উড়ে যায়। এছাড়া একটি দোকানসহ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও হামলার শিকার হয়। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এই নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.