
ভোলায় ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতের মা ইয়ানুর বেগম সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার ছেলে সিফাত হাওলাদার বাড়ি থেকে বের হন। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাড়ির পাশেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়ানুর বেগম আরও অভিযোগ করেন, নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তারা জাতীয় পার্টি ও কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় রয়েছেন। ঘটনার পর থেকে হত্যাকারীরা পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
তিনি অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.