
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেলে মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই চিঠি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে ওসিকে ভয়ভীতি দেখান। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলে পুলিশ তাকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.