
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে মূলহোতা হিসেবে চিহ্নিত অভিযুক্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’ দেশত্যাগ করেছেন বলে দাবি উঠেছে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে উল্লেখ করা হয়, হাদি হত্যা মামলার প্রাথমিকভাবে চিহ্নিত অভিযুক্ত শাহীন আহমেদ গত ২২ ডিসেম্বর ভারতের কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভারত ত্যাগ করেন বলে দাবি করা হয়েছে। ওই পাসপোর্টের শেষ চারটি সংখ্যা ৯০৪৩ এবং এর মেয়াদ শেষ হবে ২০৩১ সালের আগস্টে।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, অত্যন্ত ধূর্ত প্রকৃতির শাহীন আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং সেখান থেকে ইউরোপের কোনো একটি দেশের ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের কঠোর অভিবাসন ব্যবস্থার কারণে ভিন্ন কোনো পাসপোর্ট ব্যবহার করে তার পক্ষে দেশটি ত্যাগ করা সহজ হবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, শহীদ হাদি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনতিবিলম্বে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শাহীন আহমেদকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.