
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশের নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। সংঘর্ষে ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে।
এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ ‘অ্যাডভেঞ্চার-৯’ জব্দ করা হয়। পাশাপাশি লঞ্চটির চারজন স্টাফকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌপথে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.